![]()
পিরোজপুর: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১০২টি পূজামন্দিরের সভাপতি ও প্রতিনিধিদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর সুমন।
তিনি বলেন, ‘দেশের সুনাগরিক হিসেবে আপনারা যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তার সবই পাবেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কমিটিতে নারীসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। আপনাদের আর দূরে থাকতে দেব না। আমরা সব সময় আপনাদের আগলে রাখব। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, ভয় থেকে বেরিয়ে আসতে হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আপনারা যেমন আমাদের পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা আমাদের পাশে ছিলেন। দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে আপনারা কখনো আমাদের থেকে দূরে ছিলেন না। তাহলে আমরা কেন আপনাদের পাশে থাকব না? অতীতে আপনারা আমাদের পাশে ছিলেন, তাই আমরাও আরও বেশি করে আপনাদের পাশে থাকতে চাই।’
সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে যেকোনো সমস্যা নিয়ে তাঁর কাছে কিংবা প্রশাসনের কাছে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাইকে সঙ্গে নিয়ে নেছারাবাদকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত নেছারাবাদ গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।’
সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘দেবী দুর্গা যে বার্তা নিয়ে আসছেন, সেই বার্তায় থাকবে উন্নয়ন, সুশাসন, সাম্য ও মানবিকতার বার্তা। যে বার্তায় হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ—সবাই একই পরিবারের সদস্য হিসেবে শান্তিতে বসবাস করতে পারব। সেই সম্প্রীতির আগাম বার্তা আপনারা পেয়েছেন বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা আমাদের পাশে ছিলেন। আমি চাই, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও আপনারা আমাদের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোঃ আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মইনুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্বরূপকাঠি কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি উৎপল দাস, স্বরূপকাঠি কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি খোকন সাহাসহ উপজেলার ১০২টি পূজামন্দিরের সভাপতি, প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত ১০২টি মন্দিরের সভাপতি ও প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন। পরে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বরূপকাঠি পৌর শহরের দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দিরে আসা ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৬ ১১ বার পঠিত | ● আহমেদ সোহেল মনজুর সুমন ● নেছারাবাদ পূজামন্দির ● পিরোজপুর দুর্গাপূজা ২০২৬ ● পূজামন্দিরে আর্থিক অনুদান