ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
রংপুর: প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর মহানগরী সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সোমবার (১৯ অক্টোবর) বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মু. মাহবুবুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার আসন্ন ভিভিআইপি মুভমেন্টকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা ও সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি নির্ধারিত সময়ে নিজ নিজ ডিউটি পয়েন্টে উপস্থিতি নিশ্চিত করা, দায়িত্ব পালনে পারস্পরিক সমন্বয় বজায় রাখা এবং রুট ও অনুষ্ঠানস্থলের আশপাশে অবস্থানরত সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পেশাদার, সংযত ও সৌজন্যমূলক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, ভিভিআইপি মুভমেন্ট চলাকালে নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত বস্তু দেখতে পেলে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে বডি-ওর্ন ক্যামেরা সচল ও অনলাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে প্রয়োজনীয় তদারকি ও তাৎক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আসন্ন ভিভিআইপি মুভমেন্টকে কেন্দ্র করে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশ পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে।”
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৫ ১২ বার পঠিত | ● তারেক রহমানের রংপুর সফর ● বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড ● ভিভিআইপি নিরাপত্তা ● রংপুর মেট্রোপলিটন পুলিশ