ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে কাল শুরু স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট • ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন • ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে • রংপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরএমপির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি • পিরোজপুরে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ • রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার • পাইকগাছায় দুর্গাপূজায় ১৫১ অসচ্ছল নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি • রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, ১২ জেলের কারাদণ্ড • পটুয়াখালীতে সংরক্ষিত বনে তরমুজখেত, উপড়ে ফেলা হলো ৫০০ ঝাউগাছ • কুষ্টিয়ায় দখল-দূষণে বিপন্ন ঐতিহ্যবাহী হিসনা নদী, কমছে নাব্যতা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে

ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় ছেলের স্ত্রী সাথী বেগমের বিরুদ্ধে বৃদ্ধ মা রোকেয়া বেগমকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী রোকেয়া বেগম এক ছেলে ও তিন কন্যার জননী। তাঁর স্বামী তোফাজ্জল হাওলাদার বহু বছর আগে মারা গেছেন। তিন মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে থাকেন। রোকেয়া বেগমও স্বামীর ঘরেই থাকতেন। তবে একমাত্র ছেলে বাবুল হাওলাদার ও তাঁর স্ত্রী সাথী বেগমের অত্যাচারের কারণে তাঁকে মূল বাড়িতে থাকতে না দিয়ে পাশের একটি ছোট ঘরে থাকতে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নে।
অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের আমলে বাবুল হাওলাদার ও তাঁর স্ত্রী সাথী বেগম আওয়ামী লীগের নেতা ছিলেন। তাঁদের ভয়ে কেউ কিছু বলার সাহস পেতেন না। বাবুল হাওলাদারও একাধিকবার বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ রয়েছে। সে সময় সন্তানের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের মামলা দায়েরের খবর একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। একপর্যায়ে রোকেয়া বেগম ছেলের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

রোকেয়া বেগম জানান, গত ১৭ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর ছেলের স্ত্রী সাথী বেগম তাঁকে মারধর করেন। মাকে মারধরের খবর পেয়ে মেয়ে রুনু বেগম দেখতে গেলে সাথী বেগম তাঁকেও মারতে উদ্যত হন এবং গালিগালাজ করেন। রোকেয়া বেগম বলেন, ‘আমি তাদের সঙ্গে থাকি না এবং তারা আমার ভরণপোষণও দেয় না। তারপরও আমার গায়ে প্রায়ই ছেলের বউ হাত তোলে। আমি এর উপযুক্ত বিচার চাই।’

রোকেয়া বেগমের মেয়ে রুনু বেগম বলেন, মায়ের গায়ে হাত তোলার খবর পেয়ে তিনি তাঁকে দেখতে যান। এ সময় তাঁর ভাইয়ের স্ত্রী সাথী বেগম তাঁকেও মারতে উদ্যত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

রুনু বেগম আরও বলেন, ‘আমরা তিন বোন বাবার সম্পত্তির মালিক। বাবা মারা গেছেন প্রায় ২০ বছর হবে, কিন্তু বাবার সম্পত্তিগুলো এখন পর্যন্ত আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। আমার ভাইয়ের স্ত্রী সাথী বেগমের অত্যাচারে ভাই আমাদের সম্পত্তি বুঝিয়ে দেয়নি, উল্টো আমাদের সঙ্গে কথাও বলে না। আওয়ামী লীগ সরকারের আমলে তারা তখন নেতা ছিল। ক্ষমতার দাপটে আমরা কোনো বিচার পাইনি। এখন আবার অত্যাচার শুরু করেছে এবং আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার চক্রান্ত করছে। আমরা আমাদের বোনদের সম্পত্তি পেতে চাই এবং মায়ের গায়ে হাত তোলাসহ বিভিন্ন অত্যাচারের ব্যাপারে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের কাছে আমরা উপযুক্ত বিচার চাই।’

এ বিষয়ে সাথী বেগমের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে তাঁর স্বামী বাবুল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঢাকাতে রয়েছি। তবে শুনেছি, আমার বোনের ছেলেরা লালমোহন থেকে আমাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী ও মেয়েকে মেরেছে।’

লালমোহন থানার অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৫   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে কাল শুরু স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট
● ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন
● ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে
● পিরোজপুরে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ
● রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, ১২ জেলের কারাদণ্ড



আর্কাইভ