![]()
ভোলা: জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা দেশে নজিরবিহীন লুটপাট করেছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। দেশের সম্পদ ও অর্থ লুট করে তাঁরা বিদেশে প্রাসাদ নির্মাণ করেছেন। পতনের পর এখন বিদেশের সেসব প্রাসাদে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এখানে একজন সন্ত্রাসী ছিল, যে কয়েক শ জমি দখল করেছে। তাঁরা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, লুটপাটকারীরা ভারতে বসে এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” অতীতে এত পূজামণ্ডপে কখনো পূজা উদ্যাপিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। তাঁকে ওই অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান তাঁর একার নয়, সবার। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
মেজর হাফিজ আরও বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এর মধ্যেই ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, শুধু বিএনপি সরকারই এ ধরনের ব্যবস্থা নিয়েছে; অন্য কোনো সরকারের আমলে দেশে এমন নজির নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা চুরি ও লুটপাট করে সম্পদ নিয়ে গেছেন। টাকা দিয়ে আইন-আদালত কিনে ফেলেছিলেন। এখন তাঁরা ভারতে প্রাসাদে বসবাস করছেন। এভাবে আর কেউ লুটপাট করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলেও জানান।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৪৭ ১২ বার পঠিত | ● আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান ● ভোলা-৩ আসন ● লালমোহন বিএনপি সংবর্ধনা ● হাফিজ উদ্দিন আহমেদ