ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে নদীর বেকুটিয়া প্রান্তে পরিচালিত এ অভিযানে প্রায় ৮ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।
কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নৌ পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনামতের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনাতন বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ পাবেন। তাই মা ইলিশ রক্ষায় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ইউএনও রেহানা আক্তার ও মৎস্য অধিদপ্তরের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৬:২১:৩০ ১৭ বার পঠিত | ● ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ ● কঁচা নদীতে অবৈধ জাল জব্দ ● পিরোজপুর জেলা মৎস্য অধিদপ্তর