![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ কণ্ঠের উপজেলা প্রতিনিধি রুহুল সরকারের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপজেলাজুড়ে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গত ২০ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। রুহুল সরকার এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকের ওপর এ ধরনের হামলাকে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন বক্তারা। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা অপরাধীদের বেপরোয়া করে তোলার পাশাপাশি সমাজে আতঙ্ক সৃষ্টি করে।
বক্তারা আরও বলেন, নবীনগরে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা ও মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গণমাধ্যমকর্মী রুহুল সরকারের ওপর হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্য ও তাদের পেছনে থাকা মদদদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নবীনগর উপজেলাজুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনা এবং সাংবাদিকসহ সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেফজুল বাহার। বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান হেলাল ও রেজাউল করিম বাবুল, নবীনগর দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও এইচডি টিভির পরিচালক সোহেল খান এবং নবীনগর অনলাইন টিভির পরিচালক পারভেজ খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল হক, ফজলে রাব্বি, রত্না আক্তার, সাধন সাহা জয়, শাকিল আহমেদ, লিটন মেম্বার ও শাহেদ আহমেদ সৌরভসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৭ ৫১ বার পঠিত | ● কিশোর গ্যাং ● নবীনগর উপজেলা প্রেসক্লাব ● নবীনগরে সাংবাদিকের ওপর হামলা ● রুহুল সরকার