![]()
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ পথে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইয়াসিন (২২) ও বাবলু (২৮)। তাঁরা দুজনই ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন। সেলফি পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানান মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
পরে দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ পথে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখার কথা জানান। এরপর আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সেলফি পরিবহন মানিকগঞ্জের একমাত্র ‘দানব বাস’ হিসেবে পরিচিত। বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে, ইজিবাইকটি মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইককে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ও আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনের বাসটি ভাঙচুর করেন। তাঁরা সড়ক অবরোধ করে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানান। পরে জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৭:১৫:১৬ ১৩ বার পঠিত | ● ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা ● বরংগাইল বাসস্ট্যান্ড ● মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা ● সেলফি পরিবহন