ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ভালুকায় শিক্ষক সামিউল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। হামলায় ওই শিক্ষকের ৭২ বছর বয়সী বাবা আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন।
সামিউল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন। আনুমানিক রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত তাঁদের বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা তাঁর বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তবে ডাকাতের সংখ্যা কত ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও জানান, ডাকাতেরা বাড়ির তালা ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করছিলেন। মাথায় আঘাত পেয়ে তাঁর বাবা রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না বলে জানান সামিউল।
সামিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, “বিষয়টি শুনেছি, খোঁজখবর নিচ্ছি।”
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:১৮:১৩ ১১ বার পঠিত | ● ভালুকায় ডাকাতি ● ময়মনসিংহ ডাকাতি ● সামিউল ইসলামের বাড়িতে ডাকাতি