ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: আগামী ২৫ অক্টোবর রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় তাঁর সিগনেচার প্রজেক্ট ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’-এর সাইট পরিদর্শনে আসবেন। পরিদর্শন শেষে উপজেলার মালিফা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
পরিদর্শনকালে পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে, মন্ত্রীর আগমন উপলক্ষে শুক্রবার উপজেলার নাজিরগঞ্জে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য দেন সুজানগর উপজেলার নাজিরগঞ্জের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম মন্ডল।
বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী সুজানগর উপজেলায় আসবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে নাজিরগঞ্জ ইউনিয়নসহ সুজানগর উপজেলাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই আমেজ ধরে রাখতে মালিফা হাই স্কুল মাঠে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটানো হবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বেলা ১২টার আগেই মাঠে দলে দলে নেতাকর্মীদের উপস্থিত হতে হবে। নাজিরগঞ্জ ইউনিয়ন থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটাতে হবে। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রস্তুতিমূলক সভা করেছেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মালিফা মাঠে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রস্তুতিমূলক সভায় ইউনিয়ন যুবদল নেতা ও নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আককাস মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:০৮:৩২ ৩ বার পঠিত | ● আসলাম মন্ডল ● পদ্মা ব্যারেজ প্রকল্প ● শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ● সুজানগর পাবনা