ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ শিকারবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য ও এক স্পিডবোট চালক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নসংলগ্ন বুড়াগৌড়ঙ্গ নদীতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ। আহতরা হলেন পুলিশ কনস্টেবল মো. জসিম উদ্দিন ও স্পিডবোটচালক মো. শাহজালাল।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে অভিযান শুরু হয়। ট্রলার ও স্পিডবোট নিয়ে এ অভিযানে পুলিশ সদস্যরাও অংশ নেন। এ সময় বুড়াগৌড়ঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলেকে অবৈধভাবে মা ইলিশ শিকার করতে দেখা যায়। তাঁরা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিলেন।
ভিক্টর বাইন বলেন, “জালগুলো জব্দ করার সময় হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রলার বিপরীত দিক থেকে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। সন্ধ্যা হওয়ায় আমরা কাউকে চিনতে পারিনি।” এ সময় একজন পুলিশ সদস্য ও স্পিডবোটচালক গুরুতর আহত হন।
ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, জেলেদের হামলায় আহত এক পুলিশ সদস্যসহ দুজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:৩৯:০৪ ৩ বার পঠিত | ● গলাচিপায় ইলিশ সংরক্ষণ অভিযান ● পুলিশ কনস্টেবল জসিম উদ্দিন ● বুড়াগৌড়ঙ্গ নদী ● মা ইলিশ শিকার