![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এবং উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে নওদাপাড়ার শেখ সাজু (৪৮) ও বাবুল হোসেন ওরফে মহররমকে (৪৯) এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ সাজুকে ১০ হাজার টাকা এবং বাবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
অভিযানে গ্রেপ্তার অন্য চারজন হলেন ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের জাফর (২৮), নবগঙ্গা গ্রামের মো. শাহিন (২১), রামচন্দ্রপুর গ্রামের মো. সজল (৩৮) এবং উত্তর ভবানীপুর গ্রামের মো. আরিফ (২২)। তাঁদের মধ্যে জাফরকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, শাহিনকে এক মাস, সজলকে তিন মাস এবং আরিফকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত ছয়জনকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪:৪২:৩৩ ৯ বার পঠিত | ● বাবুল হোসেন মহররম ● ভেড়ামারায় ছয়জন গ্রেপ্তার ● ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান ● শেখ সাজু