ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিলেও তা রক্ষায় দলটির দুর্বলতা ছিল বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ তাঁদের বলেন, ভোট দিয়েছিলেন, কিন্তু তাঁরা তা রক্ষা করতে পারেননি। তখন তাঁদের স্বীকার করতে হয়, তাঁদের দুর্বলতা ছিল। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট রক্ষায় যেন কোনো ভুল না হয়, তা নিশ্চিত করতে নেতাদের কাজ করার নির্দেশ দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। সিটি নির্বাচনে দিনরাত একাকার করে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এবার সেগুলোর আলোকে কাজ করলে আশা করি, আর ভুল হবে না।
গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। রুকনদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর সাহায্য ছাড়া তাঁরা কিছুই করতে পারবেন না। তাই প্রতি মুহূর্তে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে।
ঢাকা মহানগর জামায়াতের অতীত সাংগঠনিক পরিস্থিতির কথা তুলে ধরে দলটির আমির বলেন, একসময় ঢাকায় সংগঠনের অবস্থা অনেক দুর্বল ছিল। ত্যাগ, কুরবানি ও পরিশ্রমের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি বলেন, তাঁরা বসে বসে আর তামাশা দেখবেন না। সংগতভাবেই প্রতিবাদ করবেন এবং যেখানে সামর্থ্য থাকবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকন পদ-পদবি নয়, বরং জীবনের নীতি-নৈতিকতার মান। একে ক্ষমতা মনে করলে ভুল হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি মানের দিক থেকেও উন্নত ও সুশৃঙ্খল হতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৩ হাজারের বেশি রুকন গোপন ভোটে আমির নির্বাচন করেন। ২০২৭-২০২৮ সালের কমিটিতে আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন সেলিম উদ্দিন। সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপিসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:৫৬ ২ বার পঠিত | ● জামায়াতে ইসলামী ● ঢাকা মহানগর উত্তর জামায়াত ● শফিকুর রহমান ● সেলিম উদ্দিন