ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: শিমগাছ রোপণ নিয়ে বিরোধের জেরে ভোলার লালমোহন উপজেলায় মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফিরোজ শনিবার বিকেলে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ফিরোজ ওই বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিন কন্যা ও এক পুত্রসন্তানের জনক ছিলেন তিনি।
জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে নিজের জমিতে শিমগাছ রোপণ করে সেখানে বাঁশের ঝোপ দেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত ওই ঝোপ কেটে ফেলেন। নামাজ পড়ে এসে বিষয়টি দেখতে পেয়ে ফিরোজ তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে এসে ফিরোজকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।
পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামের ওই বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে লালমোহন থানার এসআই মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২:২২:৫৬ ৮ বার পঠিত | ● কালমা ইউনিয়ন যুবদল ● মো. ফিরোজ হত্যা ● লালমোহনে যুবদল নেতা হত্যা