ঢাকা    রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » ৩৯ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন

৩৯ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


৩৯ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

ইতোমধ্যে তুলনার দাফন সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানা গেছে, তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। তবে এরই মধ্যে শরীরে ক্যানসার ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল।

অস্ত্রোপচারের পর দুদিন তুলনার শারীরিক অবস্থা ভালো ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। কিন্তু শুক্রবার সকাল থেকে দ্রুত অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে হার্ট অ্যাটাকও হয় তাঁর। এরপর আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও একসময় সরব ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেক সহকর্মী।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৪   ১০ বার পঠিত  | ●   ●   ●