ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন করল ছাত্রদল

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন করল ছাত্রদল


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন করল ছাত্রদল

পটুয়াখালী: কুয়াকাটায় পর্যটন কার্নিভাল শেষে সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার, ২৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। কুয়াকাটা সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে চলে এ কার্যক্রম।
‘পরিচ্ছন্ন সৈকত ছাত্রদলের অঙ্গীকার’—এ স্লোগান সামনে রেখে আয়োজিত অভিযানে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভাল ঘিরে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকত পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও সদস্যসচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এ উদ্যোগ।’

পরিচ্ছন্নতা অভিযানকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে একবার সৈকত পরিচ্ছন্ন করার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন কেন্দ্রীয় ছাত্রদলের এ নেতা।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫২   ৪০ বার পঠিত  | ●   ●   ●   ●