![]()
ভোলা: ভোলার লালমোহনে ১৬৯ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে (২৬) আটক করেছে কোস্টগার্ড। শনিবার দিবাগত রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে লালমোহন থানায় সোপর্দ করা হয়।
শরিফ চৌধুরী উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকার লালু মিয়ার ছেলে। লালমোহন উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে তিনি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন ফেসবুকে মন্তব্য করেন, কারও ব্যক্তিগত অপকর্মের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই নেয়নি, ভবিষ্যতেও নেবে না। ছাত্রদলের সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে কেউ ব্যক্তিস্বার্থে অনিয়ম, অপকর্ম বা দুর্নীতিতে জড়ালে তার দায়ভার তাকেই বহন করতে হবে।
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শনিবার রাতে কোস্টগার্ড শরিফকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৭ ১৩ বার পঠিত | ● ভোলা জেলা ছাত্রদল ● মো. শরিফ চৌধুরী ● লালমোহন উপজেলা ছাত্রদল ● ১৬৯ পিস ইয়াবা