ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

বরগুনা: আসন্ন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার সাত প্রার্থীর নাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাব কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থীদের নাম ঘোষণার লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাব কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ এমপি। সভায় বক্তব্য দেন বরগুনা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর প্রধান সদস্য মাওলানা মিজানুর রহমান কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুর সাত্তার, জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. রেজাউল করিম আকন, সাংগঠনিক সম্পাদক আবু ছালেহ জিহাদী, আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জিহাদী এবং পৌর সভাপতি মো. কামরুজ্জামানসহ অন্যরা।

আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ এমপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী। আমতলী পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মো. কামরুজ্জামানের নাম।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে গুলিসাখালী ইউনিয়নে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, কুকুয়া ইউনিয়নে মাওলানা ফজলুল হক, হলদিয়া ইউনিয়নে মাওলানা মো. হেলাল উদ্দিন, আমতলী সদর ইউনিয়নে মাওলানা মো. শাহ আলম মৃধা এবং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে মাওলানা আব্দুল মান্নানের নাম ঘোষণা করা হয়েছে। চাওড়া ও আঠারগাছিয়া ইউনিয়নে এখনো প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ এমপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে। আশা করি, উপজেলা পরিষদ, পৌরসভাসহ ইউনিয়ন পরিষদেও তাঁদের প্রার্থীদের বিজয় নিশ্চিত হবে। তিনি আরও বলেন, তাঁদের প্রার্থীরা বিজয়ী হলে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:১৩   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●