ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
লক্ষ্মীপুর: হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৫ অক্টোবর) সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে হামলা ও মারামারির ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানো হচ্ছে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করা হয়। ছাত্রদল নেতা শাহেদ ও তাঁর অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি।
অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে মোবাইল ফোন কেনাবেচা নিয়ে শাহেদ ও জুয়েলদের মধ্যে মারামারি হয়। এতে আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন জুয়েল। এ সময় শাহেদ তাঁর অনুসারীদের নিয়ে এসে হাসপাতালের সামনেই জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়েন। শাহেদও সেখানে প্রবেশ করেন। পরে জরুরি বিভাগের কক্ষের ভেতরেই শাহেদ চেয়ার দিয়ে জুয়েলকে পেটান এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তাঁর কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় তাঁরাও আতঙ্কে রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৪ ১১ বার পঠিত | ● ছাত্রদল নেতা শাহেদ ● জুয়েল হোসেন নিরব ● লক্ষ্মীপুর সদর হাসপাতাল ● হাসপাতালে হামলা