ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

নোয়াখালী: চট্টগ্রাম থেকে হাতিয়ায় ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আকমল আলী ঘাটের কাছ থেকে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।

এর আগে রোববার দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন অপর দুই জেলে।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, চার দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে তাঁরা চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। ট্রলারটি কেনার পর রোববার রাতে সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন। ফেরার পথে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে পৌঁছালে তাঁদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ সময় পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি নদীতে ডুবে যায়। তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাঁকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজদের সন্ধানে চট্টগ্রামে যাওয়া শরীফ উদ্দিনের চাচা চেম্পার উদ্দিন জানান, সকালে তাঁরা দুই জেলের মরদেহ উদ্ধারের খবর পান। পরে খোঁজ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দুটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলম বলেন, সকালে স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলী নদী থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:২২:৫৩   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●