![]()
মানিকগঞ্জ: জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে ক্রেতা সেজে একটি স্বর্ণের দোকান থেকে ৩৯ ভরি ৯ আনা রুপা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের পোদ্দার পট্টির স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের মো. শাহ আলমের দুই মেয়ে সামিয়া আক্তার (২৩) ও রাফসানা আক্তার (২০) এবং চট্টগ্রামের জামালের ছেলে জাবেদ ওরফে জারিফ হোসেন (৩০)।
জানা গেছে, চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম বাজারের পোদ্দার পট্টির স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সের মালিক বাবুল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খোলেন। এ সময় দুই নারী ও এক পুরুষ দোকানে প্রবেশ করেন। তাঁরা স্বর্ণালংকার কেনার উদ্দেশ্যে ক্রেতা সেজে অভিনব কায়দায় রুপার গহনার ব্যাগ চুরি করে দ্রুত পালিয়ে যান। পরে দোকানের মালিক মালামাল কম দেখতে পেয়ে ক্রেতাদের খুঁজতে শুরু করেন।
পরে মোটরসাইকেলে করে উপজেলার বলধারা ইউনিয়নের রফিকনগর এলাকায় রুপার ব্যাগসহ তাঁদের আটক করা হয়। এরপর সিংগাইর থানায় খবর দেওয়া হয়। থানার এসআই মোমিন তাঁদের থানায় নিয়ে যান।
এসআই মোমিন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৯ ভরি ৯ আনা রুপা উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তাঁদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৪ ৭ বার পঠিত | ● বাংলাদেশ জুয়েলার্স ● মানিকগঞ্জ ● সিংগাইরে রুপা চুরি ● ৩৯ ভরি ৯ আনা রুপা