ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » পদ্মায় ধরা দুই কাতল মাছ বিক্রি হলো ১ লাখ ১৭ হাজার টাকায়

পদ্মায় ধরা দুই কাতল মাছ বিক্রি হলো ১ লাখ ১৭ হাজার টাকায়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


পদ্মায় ধরা দুই কাতল মাছ বিক্রি হলো ১ লাখ ১৭ হাজার টাকায়

রাজবাড়ী: গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের দুটি বড় কাতল মাছ। সোমবার (২ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় জেলে সেকেন হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

জানা যায়, সোমবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় মাছ ধরছিলেন জেলে সেকেন হলদার। এ সময় তাঁর জালে বড় আকৃতির দুটি কাতল মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি দৌলতদিয়া ঘাট এলাকার একটি আড়তে নেওয়া হয়। সেখানে ওজন করে মাছ দুটির মোট ওজন পাওয়া যায় ৪৭ কেজি।

দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, সকালে জেলে সেকেন হলদারের জালে বিশাল আকৃতির কাতল মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি দৌলতদিয়া ঘাট এলাকার একটি মাছের আড়তে নেওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ২২ কেজি।

তিনি বলেন, উন্মুক্ত নিলামে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছ দুটি কেনেন তিনি। পরে অনলাইনে যোগাযোগের মাধ্যমে সিলেট শহরের এক লন্ডনপ্রবাসীর কাছে কেজিপ্রতি ২০০ টাকা লাভ রেখে মাছ দুটি মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ আরও বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকারের মাছ ধরা পড়লেও একসঙ্গে এত ওজনের দুটি কাতল মাছ পাওয়া বিশেষ ঘটনা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদী দেশীয় প্রজাতির বড় মাছের জন্য বেশ সমৃদ্ধ। নদীতে পর্যাপ্ত পানি ও অনুকূল পরিবেশ থাকলে এ ধরনের বড় আকারের কাতল মাছ পাওয়া যায়। পদ্মার বড় কাতল স্থানীয় মানুষের কাছে বেশ আকর্ষণীয়। এ ধরনের মাছ ধরা পড়া নদীর মৎস্যসম্পদের সমৃদ্ধিরও পরিচায়ক।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫২   ৮ বার পঠিত  | ●   ●   ●