![]()
ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। আইসিসির সর্বশেষ পুরুষদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। এই সংস্করণে এর আগে কখনো এত ওপরে উঠতে পারেনি আফগানরা।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ধীরে ধীরে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর পাশাপাশি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল তারা।
এ পর্যন্ত ওয়ানডেতে ১৯১টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় পেয়েছে ৯৬টিতে। সাম্প্রতিক সময়েও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছে দলটি। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ের পর জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল আফগানরা।
আফগানিস্তানের এই উন্নতির ফলে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে আগেই পেছনে ফেলেছিল আফগানরা। এবার নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল দলটি।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড। শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে এবং অস্ট্রেলিয়ার অবস্থান পাঁচ নম্বরে।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৫ ৬ বার পঠিত | ● আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং ● আফগানিস্তান ওয়ানডে র্যাঙ্কিং ● বাংলাদেশ ক্রিকেট দল ● শ্রীলঙ্কা ক্রিকেট