![]()
খুলনা: সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে শিকারিদের পাতা ফাঁদ থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। পরে হরিণ দুটি বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় শিকারিদের পেতে রাখা বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদও জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় জোংড়া বনাঞ্চলের কুঞ্চিরখাল এলাকায় বনের ভেতরে শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদ তাঁদের নজরে আসে।
পরে ঘটনাস্থলে গিয়ে বনরক্ষীরা ফাঁদে আটকে থাকা দুটি জীবিত হরিণ দেখতে পান। তাৎক্ষণিকভাবে হরিণ দুটি ফাঁদ থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। একই সঙ্গে শিকারিদের পেতে রাখা বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ করেন তাঁরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত পায়ে হেঁটে টহলের কারণে দুটি হরিণের প্রাণ রক্ষা পেয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২০:৫৪ ১০ বার পঠিত | ● জোংড়া বনাঞ্চল ● সুন্দরবন পূর্ব বন বিভাগ ● সুন্দরবনে হরিণ উদ্ধার ● হরিণ শিকারের ফাঁদ