ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কিডনি প্রতিস্থাপনে মায়ের প্রস্তুতি, রাকিবুলের চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

কিডনি প্রতিস্থাপনে মায়ের প্রস্তুতি, রাকিবুলের চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


কিডনি প্রতিস্থাপনে মায়ের প্রস্তুতি, রাকিবুলের চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

পটুয়াখালী: সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের সুখ বিসর্জন দেন মা। সহ্য করেন অসহনীয় কষ্ট। ছেলের জীবন বাঁচাতে নিজের শরীরের একটি কিডনি দান করতে প্রস্তুত হাসিনা বেগম। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার আশায় প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়াও সম্পন্ন করেছেন তিনি। কিন্তু মায়ের এই আত্মত্যাগের পরও থমকে আছে চিকিৎসা। কারণ, কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রায় পাঁচ লাখ টাকা জোগাড় করতে পারছে না পরিবারটি।

বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামের ২১ বছর বয়সী রাকিবুল ইসলামের দুটি কিডনিই বিকল। এখন জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন তিনি। রাজধানীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে তাঁকে। নিয়মিত এই চিকিৎসার পাশাপাশি চলছে কিডনি প্রতিস্থাপনের অপেক্ষা।

রাকিবুল বলেন, প্রথমে তাঁর শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে বমির সঙ্গে রক্তও বের হতো। পরে সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসক ডা. কামরুল ইসলাম ও ডা. তানভির রহমানের অধীনে চিকিৎসা নেন তিনি। একপর্যায়ে চিকিৎসকেরা জানান, তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গেছে।

রাকিবুলের বাবা মোস্তফা হাওলাদার বলেন, ছেলেকে বাঁচাতে তার মা হাসিনা বেগম নিজের একটি কিডনি দিতে রাজি হয়েছেন। কিডনি প্রতিস্থাপন করা গেলে ছেলে নতুন জীবন ফিরে পাবে—এমন আশায় প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করেছেন তাঁরা। কিন্তু চিকিৎসার শেষ ধাপে এসে অর্থের অভাবে সব আশা অনিশ্চয়তার মুখে পড়েছে।

মোস্তফা হাওলাদার আরও বলেন, কৃষিকাজ করে তিনি সংসার চালান। সীমিত আয়ে পরিবারের দৈনন্দিন খরচ মেটানোই কঠিন। এর ওপর ছেলের নিয়মিত ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রায় পাঁচ লাখ টাকা জোগাড় করা তাঁদের সামর্থ্যের বাইরে। একদিকে ছেলের অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—এই দুইয়ের সঙ্গে প্রতিদিন লড়তে হচ্ছে পরিবারটিকে।

যে মা নিজের শরীরের একটি অঙ্গ দিয়ে সন্তানকে বাঁচাতে প্রস্তুত, সেই মায়ের চোখে এখন একটাই স্বপ্ন—ছেলে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু সেই স্বপ্ন পূরণে প্রয়োজন মানুষের সহযোগিতা।

কনকদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান খান বলেন, রাকিবুলের পরিবার সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। মানুষের সম্মিলিত সহযোগিতায় মায়ের কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হলে রাকিবুল নতুন করে বাঁচার সুযোগ পাবেন।

**সহায়তার জন্য ব্যাংক হিসাব:**
হিসাবের নাম: রাকিবুল ইসলাম
হিসাব নম্বর: ০১৩৩৪০১৫৭৭০
ব্যাংক: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি
শাখা: মতিঝিল ব্রাঞ্চ

**মোবাইল ব্যাংকিং—বিকাশ (পারসোনাল):** ০১৭৪৬-৬৪৬৫৮৯

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৭   ২৬ বার পঠিত  | ●   ●   ●