![]()
ঢাকা: সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর। এতে দলটির নারী নেতাকর্মীরা হাঁড়ি-পাতিল নিয়ে অংশ নেন। সিলিন্ডারের কাটআউট হাতে নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। পাশাপাশি খালি সিলিন্ডার প্রদর্শন করে সমাবেশ করেন জামায়াতের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, দুই বছর তেল-গ্যাসের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি আট মাসের মধ্যেই গ্যাসের সিলিন্ডারের দাম ৭০০ টাকা বাড়িয়েছে। ১ হাজার ৩০০ টাকার গ্যাসের দাম বেড়ে ২ হাজার টাকা হয়েছে।
সেলিম উদ্দিন বলেন, মানুষের আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কোনো সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে। কিন্তু মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। দেশের জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না। কৃষক, শ্রমিক ও মা-বোনদের মুখে হাসি ফোটাতে হবে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম মানুষের আয় ও ব্যয়ের সামর্থ্যের মধ্যে রাখতে হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশ পরিচালনা করা এত সহজ বিষয় নয়। আপনারা দেশ চালাতে পারছেন না। কার্ড বিতরণ করেন আর যা-ই করেন, এসব দিয়ে জনগণকে বোঝাতে পারবেন না। জনগণকে ক্ষুব্ধ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
সরকার শ্রমিকদের ওপর অবৈধভাবে বলপ্রয়োগ করছে বলেও অভিযোগ করেন সেলিম উদ্দিন। তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা তাঁদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাঁরা কি অন্যায় করেছেন? বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কষ্ট বুঝলে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করতেন না। একজন শ্রমিক ভাইকে জীবন দিতে হতো না। শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। তাঁদের হয়রানি ও ছাঁটাই বন্ধ করতে হবে। যথাসময়ে বেতন পরিশোধ করতে হবে।
শ্রমিকদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, আপনাদের আন্দোলন ন্যায্য। তবে গাড়ি ভাঙচুর কিংবা কারখানায় আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তৃতীয় পক্ষ যেন আপনাদের ব্যবহার করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। এসব কর্মকাণ্ডের কারণে ন্যায্য দাবি যেন জনসমর্থন হারিয়ে দুর্বল হয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। জামায়াত শ্রমিকদের পাশে আছে।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, মহানগরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ইয়াসিন আরাফাত এবং প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বাড্ডা ইউলুপের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:০২ ১ বার পঠিত | ● গ্যাসের দাম বৃদ্ধি ● জামায়াতে ইসলামী ● ঢাকা মহানগর উত্তর ● মোহাম্মদ সেলিম উদ্দিন