ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


 দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার হ্রদ-লাহরী মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম। সভায় দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এই দিবসের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দেশাত্মবোধক গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এতে অংশ নেওয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তালেব শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খালাসী, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহম্মেদ, উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বাদ জোহর উপজেলার কেন্দ্রীয় মসজিদগুলোতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতিমখানা ও শিশুকেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩১   ২৪ বার পঠিত  | ●   ●   ●