![]()
কুষ্টিয়া:ঋতু পরিবর্তনের সঙ্গে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় ভেড়ামারায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে। এডিস মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসক ও সচেতন মহল। সামান্য জ্বর দেখা দিলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডেঙ্গু আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা এবং বমি বমি ভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করানো জরুরি।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত বলেন, শুধু প্রশাসনের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় সচেতন বাসিন্দা আবুল হায়াত বলেন, প্রতিবছর ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে মশার বংশবিস্তার অনেকটাই কমানো সম্ভব। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে মশারি ব্যবহার এবং মশার কামড় থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
সচেতন মহলের দাবি, ভেড়ামারা পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে প্রচার-প্রচারণা আরও জোরদার করা প্রয়োজন।
সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে ভেড়ামারাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৪ ৫ বার পঠিত | ● এডিস মশার বিস্তার ● ডেঙ্গু প্রতিরোধ ● ভেড়ামারায় ডেঙ্গু