![]()
বরগুনা: আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে মঙ্গলবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখাটি অবস্থিত। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তালাবদ্ধ ব্যাংকের কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর ব্যাংকের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, আগুন নিভে গেছে।
গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখার ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, ধারণা করা হচ্ছে, একদল দুর্বৃত্ত রাত আনুমানিক ৩টার দিকে পেট্রল ঢেলে তালাবদ্ধ ব্যাংকের ভেতরে আগুন ধরিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিভে যাওয়ায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মঙ্গলবার সকালে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। পরবর্তী সময়ে মামলাও করা হবে বলে তিনি জানান।
আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মৃধা বলেন, রাতের অন্ধকারে আমতলী সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। এটি মূলত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কাজ। ডিসেম্বরকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনগুলো দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। আমরা জাতীয়তাবাদী শক্তি তাদের এ উদ্দেশ্য কোনো দিন সফল হতে দেব না। শক্ত হাতে তাদের মোকাবিলা করা হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করেছি। এ ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৪ ২ বার পঠিত | ● আমতলী গ্রামীণ ব্যাংক ● কড়ইবুনিয়া শাখায় আগুন ● বরগুনা