![]()
পিরোজপুর: কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য চাষিদের নিয়ে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৩০ জন মৎস্য চাষি প্রশিক্ষণে অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার মৎস্যসম্পদ রক্ষায় অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে অভয়াশ্রমগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধ জাল ব্যবহার কিংবা ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত বলেন, মাছের অবাধ বংশবৃদ্ধি নিশ্চিত করতে নদী ও খালের অভয়াশ্রমগুলোতে মাছের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে। বর্ষা মৌসুমে মা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। এ জন্য পুকুর বা জলাশয়ের পানির গুণগত মান বজায় রাখা এবং সুষম খাদ্য ব্যবহার করা জরুরি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৩:৩৯ ১৫ বার পঠিত | ● কাউখালী মৎস্য প্রশিক্ষণ ● পিরোজপুর মৎস্য দপ্তর ● মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা