ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে কালীমন্দিরে চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ লুট শ্রাদ্ধের সামগ্রী

নবীনগরে কালীমন্দিরে চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ লুট শ্রাদ্ধের সামগ্রী


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


নবীনগরে কালীমন্দিরে চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ লুট শ্রাদ্ধের সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ভবতারিণী কালী মাতা মন্দিরের তালা ভেঙে প্রতিমার স্বর্ণালংকারসহ শ্রাদ্ধানুষ্ঠানের লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

মন্দির সূত্রে জানা গেছে, মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্যপ্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ জন্য বৃহস্পতিবার রাতে চাল, ডাল, তরিতরকারি, মসলা, তেলসহ প্রয়োজনীয় বাজারসামগ্রী কিনে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই মধ্যরাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে কালীমায়ের বিগ্রহে থাকা স্বর্ণালংকার এবং শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা সব মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় তারা মন্দিরের সিসি ক্যামেরাও নষ্ট করে।

মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) জানান, তিনি মন্দিরের পাশের একটি ঘরে থাকেন। রাতে দুর্বৃত্তরা প্রথমে তাঁকে ওই ঘরে তালাবদ্ধ করে রাখে। এরপর মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে প্রতিমার স্বর্ণালংকার ও শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় মালামাল নিয়ে যায়।

প্রয়াত সমীর ঘোষের ছোট ভাই ও প্রথম আলোর জিএম অরূপ কুমার ঘোষ বলেন, “মেজদার শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের জন্য লক্ষাধিক টাকার বাজার করে বৃহস্পতিবার রাতে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল। কিন্তু মন্দিরের তালা ভেঙে সব মালামাল, এমনকি মায়ের প্রতিমার স্বর্ণালংকারও চুরি হয়ে যাবে, তা কখনো কল্পনাও করিনি।”

তিনি আরও বলেন, চুরির কারণে শুক্রবার দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন ঠিক রাখতে সকালে নতুন করে সব বাজারসদাই কিনতে হয়েছে। বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করবেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৩২:০২   ১৮ বার পঠিত  | ●   ●   ●