ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে নিজ অর্থায়নে প্রায় আধা কিলোমিটার রাস্তা নির্মাণ করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন। ব্যক্তিগত উদ্যোগে জনদুর্ভোগ লাঘব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় পুরো ইউনিয়নে আলোচনায় এসেছেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের হাসেম খন্দকারের বাড়ি থেকে আজাদ খানের বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। প্রতিদিন শতাধিক মানুষ এ রাস্তা ব্যবহার করতেন। বিশেষ করে বর্ষা মৌসুমে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের এই ভোগান্তির কথা বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দেন ছরোয়ার হোসেন।
শুধু নটখোলা গ্রামেই নয়, সোনাপুর ইউনিয়নের রঙ্গরায়েরকান্দী, গোপালিয়া, সোনাপুর ও ফুকরাসহ বিভিন্ন গ্রামের রাস্তা সংস্কারেও সহযোগিতা করেছেন তিনি। এ ছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজনে সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আজাদ খান, তারা মিয়াসহ একাধিক ব্যক্তি বলেন, ছরোয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। দীর্ঘদিনের দুর্ভোগের একটি রাস্তা নির্মাণ করে দেওয়ায় গ্রামের মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন। তাঁর এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
এ বিষয়ে ছরোয়ার হোসেন বলেন, ‘আমিও এই গ্রামের সন্তান। ব্যবসার সুবাদে শহরে বসবাস করলেও গ্রামের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। গ্রামে ঘুরে ঘুরে মানুষের সমস্যা ও দুর্ভোগ দেখেছি। অনেক সময় সাধারণ মানুষ নানা প্রতিশ্রুতি পেলেও তাঁদের প্রত্যাশা পূরণ হয় না। তাই কারও অপেক্ষায় না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যে ভূমিকা রাখছেন, তা প্রশংসনীয়। আমি মনে করি, সরকারের উন্নয়ন উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে গ্রামীণ জনপদের উন্নয়ন আরও গতিশীল হবে।’
সোনাপুর ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ছরোয়ার হোসেন বলেন, ‘আমি সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ যদি আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে সোনাপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেব। মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। মহান আল্লাহ যেন আমাকে আজীবন মানুষের সেবা করার তৌফিক দান করেন।’
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:৩৪:১০ ১১ বার পঠিত | ● ছরোয়ার হোসেন ● নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ ● সালথা ● সোনাপুর ইউনিয়ন