ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার চরফ্যাসন উপজেলার ৪ নম্বর জিন্নাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যুবদল নেতা আসাদুল ইসলাম বাধন। ডজনখানেক প্রার্থীর মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি।
রাজনৈতিক পরিবারের সন্তান আসাদুল ইসলাম বাধন ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদলের বিভিন্ন পদে একাধিক মেয়াদে দায়িত্ব পালনের পর তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন। ইতোমধ্যে উপজেলা যুবদলের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার আগ্রহ জানিয়ে আলোচনায় এসেছেন তিনি। সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পাওয়া এই যুবনেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত।
পারিবারিকভাবেও রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বাধনের বাবা, চাচা ও বড় ভাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা আবুল খায়ের কালু মিয়া ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। চাচা শাহ জগলুল ফারুক ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জিন্নাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর সহোদর বড় ভাই খায়রুল ইসলাম সোহেল উপজেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা। তিনি কয়েক বছর চরফ্যাশন পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আসাদুল ইসলাম বাধনের রাজনৈতিক জীবনের শুরু উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে। পর্যায়ক্রমে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন।
ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বাধন। নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম তদারকি এবং জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসেবা সহজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি কৃষিকাজে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য সরকারি সার-বীজ ও ভর্তুকি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
বেকারত্ব দূর করতে যুবক ও নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর। শিক্ষার প্রসারে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি এবং শিক্ষা উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাধনের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন এক ভোটার। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আসাদুল ইসলাম বাধনের ঘোষিত পদক্ষেপসমূহ সম্পর্কে আমি জেনেছি। তার পদক্ষেপসমূহ বাস্তবায়ন হলে আমাদের ইউনিয়ন মডেল ইউনিয়নরূপে পরিণত হবে খুব সহজে।’
আসাদুল ইসলাম বাধন বলেন, ‘ছাত্রাবস্থা থেকেই বিএনপির সঙ্গে জড়িত আছি। আগামী কাউন্সিলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। জনগণ যদি আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন, তাহলে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের নেতৃত্ব ও পরামর্শে ইউনিয়নের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করব। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ফ্যামিলি কার্ড, ভিজিডি কার্ড ও জেলে কার্ডপ্রাপ্তদের অধিকার নিশ্চিত করা হবে। এ ছাড়া ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করা হবে।’
ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের স্নেহধন্য হিসেবে পরিচিত সম্ভাব্য এই প্রার্থী ইউনিয়নবাসীকে আরও আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রধান সড়কে সোলার লাইট স্থাপন, অবকাঠামোগত উন্নয়ন এবং রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। উন্মুক্ত বাজেট ঘোষণা এবং আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাকে তিনি অগ্রাধিকার দেবেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৬:০৫:০৩ ৬৩ বার পঠিত | ● আসাদুল ইসলাম বাধন ● চরফ্যাশন উপজেলা যুবদল ● জিন্নাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন