ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: লালমোহনে স্বামীর চাহিদা অনুযায়ী দফায় দফায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী ও একমাত্র ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত স্ত্রী বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরু হাওলাদার বাড়িতে।
জানা যায়, ছয় বছর আগে একই এলাকার আউলিয়া বাড়ির কামরুলের ছেলে মো. আরিফের (৩৫) সঙ্গে সরু হাওলাদার বাড়ির দিল মোহাম্মদের মেয়ে ছালমার (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আরিফ ছালমার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাঁদের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।
ভুক্তভোগী ছালমা (২৬) জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে একই এলাকার মো. আরিফের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় তাঁর বাবা স্বামীকে নগদ দেড় লাখ টাকা দেন। বিয়ের পর প্রথম এক বছর তাঁদের সংসার শান্তিতেই চলছিল। তাঁর স্বামী চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। আর তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।
ছালমা বলেন, পারিবারিকভাবে তাঁর শাশুড়ি কথায় কথায় তাঁর সঙ্গে ঝগড়া করতেন। পাশাপাশি স্বামীর কাছে মোবাইল ফোনে তাঁর নামে নানা মিথ্যা কথা বলতেন। স্বামী বাড়িতে এলে মায়ের কথায় তাঁকে মারধর করতেন। একপর্যায়ে স্বামী তাঁকে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে যাওয়ার কিছুদিন পর তিনি জানতে পারেন, তাঁর স্বামীর আগে আরেকটি বিয়ে হয়েছিল এবং সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। ওই সংসারে তাঁর একটি মেয়েও রয়েছে। বিচ্ছেদ হলেও স্বামী প্রথম স্ত্রীর সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে পড়েছেন বলেও জানতে পারেন ছালমা।
ছালমার অভিযোগ, চট্টগ্রামে যাওয়ার পর স্বামী তাঁকে দিয়ে বাবার কাছে টাকা চাইতেন। বাবাকে বলে কয়েকবার তিনি স্বামীকে টাকা দিয়েছেন। কিন্তু বাবার কাছে টাকা চাইতে অস্বীকৃতি জানালে স্বামী বাসার জন্য চাল-ডালসহ কোনো বাজারসদাই করতেন না। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হতো এবং স্বামী প্রায়ই তাঁকে মারধর করতেন। একবার ওড়না দিয়ে তাঁর গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। এভাবে তাঁর ওপর নির্যাতন চলতে থাকে।
স্বামীর অত্যাচার বেড়ে যাওয়ায় বাবাকে বিষয়টি জানানোর পর একদিন তাঁকে এতটাই মারধর করা হয় যে তিনি কথা বলার অবস্থায় ছিলেন না। পরে তাঁর বাবা স্থানীয় সাবেক চেয়ারম্যান নিরবের সহায়তায় তাঁকে বাবার বাড়িতে নিয়ে আসেন। এরপর আড়াই বছর তিনি বাবার বাড়িতে ছিলেন। এ সময় স্বামী তাঁর কোনো খোঁজখবর নিতেন না। তবে যখনই টাকার প্রয়োজন হতো, তখন মোবাইল ফোনে ভালোভাবে কথা বলে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে টাকা চাইতেন। ছালমা তাঁর কথায় রাজি হয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতেন।
ছালমা জানান, তাঁর বাবা বিষয়টি সাবেক চেয়ারম্যান নিরবকে জানালে তিনি আরিফকে ডেকে নিজের বাড়িতে সালিশের আয়োজন করেন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। সেখানে তিন মাস থাকার পর স্বামীর সঙ্গে কথা বলে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর স্বামী একাধিকবার বিভিন্ন সমস্যার কথা জানিয়ে মোবাইল ফোনে তাঁর কাছে টাকা চান। টাকা পাঠাতে অস্বীকৃতি জানালে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
ছালমা আরও জানান, হঠাৎ কোনো ধরনের যোগাযোগ না করেই শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তাঁর স্বামী আরিফ তাঁদের বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি তাঁদের তিন বছর বয়সী ছেলেকে মারার চেষ্টা করেন। ছেলের চিৎকার শুনে তাঁকে উদ্ধার করতে গেলে আরিফ তাঁকে ব্যাপক মারধর করেন এবং ছেলেকে মেরে ফেলার হুমকি দেন। ছালমার ভাষ্য অনুযায়ী, আরিফ বলেন, টাকা চাইলে টাকা না দেওয়ায় ছেলেকে মেরে তাঁকে ও তাঁর পরিবারকে ফাঁসাবেন।
রাতে ঘরের ভেতর চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে তাঁকে ও তাঁর ছেলেকে আরিফের কাছ থেকে উদ্ধার করেন। রাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকলেও সকালে আরও অবনতি হলে বাবা তাঁকে চিকিৎসার জন্য লালমোহন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ছালমা বলেন, তিনি এখনো প্রচণ্ড অসুস্থ। সারা শরীরে ব্যথা হচ্ছে। এ নির্যাতনের উপযুক্ত বিচার চান তিনি।
ছালমার বাবা দিল মোহাম্মদ বলেন, তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা সাবেক চেয়ারম্যান নিরব জানেন। তাঁর কাছে বিচার চাইলে তিনি বলেছিলেন, আরিফকে খবর দেওয়ার পরও তিনি আসেন না। তাই কীভাবে বিচার করবেন, তা বুঝতে পারছেন না। এবার মেয়ে সুস্থ হলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে মো. আরিফের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) তিনি ওই বাড়িতে যাননি। এর আগে একবার ছেলেকে আনতে গিয়েছিলেন, কিন্তু তাঁরা ছেলেকে দিতে চাননি। ছেলের হাত ধরে টান দেওয়ার কারণে সে হয়তো ভয় পেয়েছিল।
আরিফ আরও বলেন, তিনি কখনো তাঁদের কাছে যৌতুক চাননি। তাঁদের করা অভিযোগ মিথ্যা। তবে বিয়ের আগে তাঁকে একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। এ জন্য তাঁরা তখন তাঁকে এক লাখ ৪০ হাজার টাকা দিয়েছিলেন। এরপর তিনি আর কখনো তাঁদের কাছে টাকা চাননি। নিজের সংসার টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, স্ত্রী তাঁর বাড়িতে না থেকে বাবার বাড়িতে থাকতে চান, আর এ বিষয়টি নিয়েই মূলত তাঁদের মধ্যে বিরোধ চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৬ ১৮ বার পঠিত | ● ছালমা ও মো. আরিফ ● যৌতুক নির্যাতন ● লালমোহন ভোলা