ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
রাঙামাটি: রাজস্থলী উপজেলায় খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির সময় স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খ্যাংদং পাড়া ব্যাপ্টিস্ট চার্চে এ ঘটনা ঘটে।
নিহত রফিক বাঙালহালিয়া আবাসিক মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খ্যাংদং পাড়ার ব্যাপ্টিস্ট মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় খেলনা পিস্তল নিয়ে প্রবেশ করেন দুই ব্যক্তি। এ সময় সুহেলের স্ত্রী হেনা ত্রিপুরাকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি থেকে নগদ ২ লাখ টাকা ও তিনটি স্বর্ণের আংটি লুট করেন তাঁরা।
একপর্যায়ে হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁদের সহায়তায় রফিককে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হলেও তাঁর সঙ্গে থাকা মো. আকাশ (২৪) লুট করা নগদ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যান। বাইরে পাহারায় থাকা আরও দুই সহযোগীও পালিয়ে যায়। আকাশ একই ইউনিয়নের সুফিপুর গ্রামের আলী করিমের ছেলে।
রফিককে আটকের পর উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের আংটি এবং ডাকাতিতে ব্যবহৃত খেলনা পিস্তলটি জব্দ করে।
পরে রাত ৮টার দিকে রফিককে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঙালহালিয়ায় চার্চে ডাকাতির সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৯ ২০ বার পঠিত | ● খেলনা পিস্তল দিয়ে ডাকাতি ● মো. রফিক ● রাঙামাটি ডাকাতি ● রাজস্থলী