ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর সহযোগী মো. জাহিদ হাসান রনিকেও (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল মুন্সীবাড়ি এলাকার মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপর গ্রেপ্তার জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইলের ওই দোকানঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রিফাতের পরা কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস এবং রনির প্যান্টের বাঁ পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ৯০ পিস ইয়াবার মোট ওজন ৯ গ্রাম। পুলিশ প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে উদ্ধার করা মাদকের বাজারমূল্য ২৭ হাজার টাকা উল্লেখ করেছে। এ ছাড়া রিফাতের কাছ থেকে ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা সংগ্রহ করে শিমরাইল ও আশপাশের এলাকায় বিক্রি করার কথা জানিয়েছেন বলে দাবি পুলিশের। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ রাকিব হাসান রিফাত ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৪৫ ১৪ বার পঠিত | ● নারায়ণগঞ্জ ডিবি পুলিশ ● রাকিব হাসান রিফাত ● সিদ্ধিরগঞ্জে ইয়াবা উদ্ধার