![]()
বরগুনা: জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে বরগুনার আমতলী ও পাথরঘাটায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আমতলী প্রেসক্লাব মোড় ও পাথরঘাটা গোলচত্বর মোড়ে এক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। উভয় স্থানেই র্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলীতে ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আমতলী প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ এবং এফোরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
অন্যদিকে, পাথরঘাটার গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম। সভায় বক্তব্য দেন এফোরটি প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদি শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।
আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সম্পদ ও নিরাপত্তার ওপর ক্রমবর্ধমান ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, সেই অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের এই দাবি জোরালোভাবে তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এসব কর্মসূচির মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৪ ৩৪ বার পঠিত | ● আমতলী ● গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ● জলবায়ু ন্যায়বিচার ● পাথরঘাটা