ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নতুন ফ্যাসিবাদ ঠেকাতে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকবে: শফিকুর রহমান

নতুন ফ্যাসিবাদ ঠেকাতে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকবে: শফিকুর রহমান


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


নতুন ফ্যাসিবাদ ঠেকাতে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকবে: শফিকুর রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করা তরুণ প্রজন্ম দেশে নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হয়েছে। কিন্তু প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ এমন ঘটনা ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্ট।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করে ৩৬ জুলাই বলা হয়েছে। বিশ্বের আর কোনো দেশে ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ নেই। এমন ঘটনা শুধু বাংলাদেশেই ঘটেছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্ত ও জীবনের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। বিশাল আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই জাতির সামনে এসেছিল। অতীতের পাহাড়সম অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের দাবি নিয়ে তরুণেরা রাস্তায় নেমেছিলেন।

জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা তুলে ধরে জামায়াতের আমির বলেন, যারা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাঁদের সবাই সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে আসেননি। সর্বোচ্চ সরকারি চাকরিজীবীর সংখ্যা ২১ লাখ। অথচ ওই সময় আন্দোলনে অংশ নিয়েছিলেন চার কোটি তরুণ-যুবক। তাহলে কি সবাই চাকরি পেতেন? এমনকি অনেক যুবকের লেখাপড়াও শেষ হয়নি, আবার কারও সরকারি চাকরি পাওয়ার বয়সও পেরিয়ে গেছে। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁরা আন্দোলনে এসেছেন। জবাবে তাঁরা বলেছেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলনে আসিনি, আমি এসেছি রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আমি পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চাই।’

তিনি বলেন, সেই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায়বিচার চাই। এর মধ্যে রয়েছে বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, চাকরির অধিকার ও ব্যবসার অধিকার। মানুষের সব ধরনের মৌলিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করবে—আমরা তা নিশ্চিত করতে চাই।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ আমরা সবাই সেই আন্দোলনে ছিলাম। তখন সবাই বলেছিলাম, আমরাও তা চাই। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ও এগিয়ে যাওয়ার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছি। বর্তমান সরকারি দলও এর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। তারাও নির্বাচনী ইশতেহারে এসব বিষয় উল্লেখ করেছে।

তিনি বলেন, জন-আকাঙ্ক্ষা ও বিপ্লবীদের প্রত্যাশাকে ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেখানে মাসের পর মাস ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। কোনো মৌলিক বা বড় দল বাদ পড়েনি। সেই প্রক্রিয়া থেকেই জুলাই সনদ রচিত হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য। বর্তমান সরকারি দল একটি সিদ্ধান্ত মেনেছে, অন্যটি মানেনি। সংকট তারাই তৈরি করেছে।

জামায়াতের আমির বলেন, জাতির সামনে স্পষ্ট ওয়াদা দিয়ে তারা তা লঙ্ঘন করেছে, প্রতারণা করেছে। আমরা বারবার বলে আসছি, এই প্রতারণা আমরা মানব না, জাতিও মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে। মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা বলেছি, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় করেই ছাড়ব। এই দাবি কখনো পরিত্যক্ত হতে বা হারিয়ে যেতে দেব না।

তিনি আরও বলেন, এই দাবিকে পাশ কাটিয়ে বারবার সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। সংবিধান সংশোধনের পক্ষে গণভোট হয়নি। ৭০ ভাগ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করা যায় না। আপনারা যদি গণতান্ত্রিক দল হয়ে থাকেন এবং গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় উপেক্ষা করতে পারেন না। কার্যত এই রায় অগ্রাহ্য করার মধ্য দিয়ে জনগণকে অপমান করছেন এবং নির্বাচনী ব্যবস্থার ওপর কুঠারাঘাত করছেন। একই সঙ্গে মানুষের আস্থার ভিত ধ্বংস করছেন।

ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়। এটি একটি ভাইরাস, যাকে পায় তাকেই আক্রান্ত করে। যার মধ্যে এর কিছু লক্ষণ পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাই না। তবে ওই ভাইরাসের অনেক লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।

তিনি বলেন, অতীতে রেখে যাওয়া সমাজব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং সামাজিক অনেক ক্ষেত্রে আরও অবনতি ঘটেছে। এসবের বিরুদ্ধে আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। দেশের জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা অভিভূত। বিভাগীয় পর্যায়ে সমাবেশ হয়েছে, ধারাবাহিকভাবে তিনটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া ও সমর্থন লক্ষ্য করেছি।

দেশে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, এখানে যারা এসেছেন, তারা ভাগ্যবান। আমি বিশ্বাস করি, এখানে সিগারেট টানেন এমন একজন মানুষও নেই। মাদক তো বহু দূরের ব্যাপার। কিন্তু আপনাদের মতোই যুবকেরা শুধু মাদক সেবনই করছে না, এখন মাদকের গুদামঘর হয়ে বসে আছে। তারা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ছোবল আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

তিনি বলেন, আজ স্কুলগুলোতে মাদক বিক্রি হয়। একজন শিক্ষক ছাত্রদের বলছেন, ‘বাবা, তোরা যা করিস, এই শ্রেণিকক্ষে বসে মাদক সেবন করবি না। অর্থাৎ বাইরের মাঠে করলে অসুবিধা নেই।’ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কার সন্তান কখন এই বিপদে হারিয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে একটি দেশ ও জাতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার উদ্দেশ্যে যুবসমাজ, তরুণসমাজ ও কিশোরসমাজের গায়ে হাত দেওয়া হয়েছে।

কিশোর গ্যাংয়ের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, এই দেশে একসময় কিশোর গ্যাং বলে কোনো শব্দই কেউ জানত না। এখন এর বিস্তার শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে। সমাজের জন্য এটি ভয়ংকর। এসব কিশোরকে পুরোপুরি দোষ দিতে পারি না। সমাজব্যবস্থা ও সরকারগুলো নিজেদের ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে এসব অপকর্মকে লালন করেছে। মূল অপরাধী তারাই। নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারা বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করছে।

তিনি আরও বলেন, চার দিন আগে সংসদে বলেছি, সরকারি দলের একজন প্রবীণ সদস্য একটি জনসভায় বলেছেন, আগে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ফ্যাসিস্ট দলের নেতারা। আর এখন নিয়ন্ত্রণ করেন আমার দলের নেতারা। অকপটে স্বীকার করার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে। জোর করে সেখানে প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের অনেকেরই এসব দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নেই। একটাই যোগ্যতা, তাঁরা দলের নেতাকে তেল দিতে পারেন। তাঁদের হাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে, তাঁরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবেন—এমনটা কল্পনা করারও অবকাশ নেই।

তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার বিভিন্ন ম্যানেজিং ও গভর্নিং কমিটি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে যোগ্য ও অসহায় শিক্ষকদের কোণঠাসা করা হচ্ছে। দলবাজ ও মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একদিকে মাদক, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারি—এই দুইয়ের প্রভাবেই আমাদের শিক্ষা ও শিক্ষাব্যবস্থার এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের সর্বস্তরে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে সামাজিক সুবিচার কায়েম করা সম্ভব হবে না। এ ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে আর কোনো ভোটের ডাকাত, ষড়যন্ত্রকারী বা ইঞ্জিনিয়ারকে আমরা সহযোগিতা করব না। এখন থেকেই শক্ত হন, দৃষ্টি মজবুত করুন এবং জনগণকে সংগঠিত করুন। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, এই বিভাগের কাজের সফলতা তখনই আসবে, যখন ধ্বংসের মুখে দাঁড়ানো যুবসমাজকে রক্ষায় দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করা হবে। যারা বিপথগামী হয়েছে, তাদের বুকে টেনে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। বিপথগামীদের সুপথে ফিরিয়ে আনতে পারলেই এই বিভাগ গঠন ও এর কার্যক্রম সার্থক হবে।

তিনি বলেন, শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখভাল করলেই হবে না। নিজেদের চরিত্র ও চিন্তার পাহারাদারি করার পাশাপাশি সমাজকেও ধারণ করতে হবে। সমাজের যুবসমাজকেও কল্যাণের পথে, ন্যায়ের পথে ও আল্লাহর দ্বীনের পথে যুক্ত করতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এই যৌবন আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের দেশের যুবকদের এ দেশের কল্যাণে, দেশপ্রেম ও ঈমানি চেতনায় উজ্জীবিত একটি শক্তিশালী জাতীয় রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন।

ডিসেম্বর মাসের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। এসব কর্মসূচিতে অংশ নিতে আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব।

তিনি বলেন, আমাদের এমন কোনো নেতৃত্ব নেই, যারা পালিয়ে গেছেন। তাঁদের পাপের মাত্রা এত বেশি যে তাঁরা বুঝেছেন, এই সমাজে তাঁদের এক সেকেন্ডও থাকার প্রয়োজন নেই। পালিয়ে গিয়েও তাঁরা জাতিকে কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন, এই জাতি সহজে জাগে না। কিন্তু জেগে উঠলে ছাড়ে না।

জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২২   ১৮ বার পঠিত  | ●   ●   ●   ●