ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও যোগ্য প্রার্থীকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স সিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সিকদার।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আহমেদ সিকদার বলেন, বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপ পেতে সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, নিজস্ব গোডাউনঘরসহ নির্ধারিত সব শর্ত পূরণ করে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছিলেন। এমনকি উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম ছিল প্রথম স্থানে। এরপরও তাঁকে ডিলারশিপ না দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত অন্য একজনকে তা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিজের ব্যবসায়িক সক্ষমতা ও অবকাঠামোর বিবরণ দিয়ে আহমেদ সিকদার বলেন, সার ডিলারশিপ প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো মূল সড়কের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পর্যাপ্ত গোডাউনঘর থাকা। তাঁর মূল সড়কের পাশেই রয়েছে দুইতলা একটি ভবন। ভবনটির নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গোডাউন হিসেবে সংরক্ষিত রয়েছে। সেখানে সার পরিবহন ও মালামাল ওঠানামার পর্যাপ্ত সুযোগ-সুবিধাও রয়েছে। অন্যদিকে, যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর নিজস্ব পর্যাপ্ত গোডাউন নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গোডাউন হিসেবে ব্যবহৃত স্থাপনাটি একটি সাধারণ টিনশেড ঘর এবং সেখানে মালামাল পরিবহন করাও কষ্টসাধ্য।

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে আহমেদ সিকদার জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, উপজেলা কৃষি অফিসের তালিকায় প্রথম স্থানে থাকার পরও কেন তাঁকে ডিলারশিপ থেকে বঞ্চিত করা হলো? নির্ধারিত শর্ত পূরণ না করেই অন্য একজনকে ডিলারশিপ দেওয়ার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি কোনো বিশেষ রাজনৈতিক সুবিধা চাই না; আমি চাই সরকারি বিধিবিধান অনুযায়ী ন্যায়বিচার ও আমার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক। সার ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি কিংবা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। উপজেলা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে ইউনিয়নপ্রতি তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটিতে পাঠানো হয়। পরবর্তী সময়ে জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই করে তালিকাটি কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। এরপর কৃষি মন্ত্রণালয় চূড়ান্তভাবে ডিলার নিয়োগ করে। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাই ও সুপারিশের দায়িত্ব পালন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজসহ দলীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন থেকে সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত যোগ্যতা ও সরকারি নীতিমালার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:০৬:১৫   ২৫ বার পঠিত  | ●   ●   ●   ●