![]()
বরগুনা: আমতলীতে নিজ বসতঘর থেকে মো. তুহিন মুন্সি (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা আড়াইটার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুহিন মুন্সি ওই গ্রামের অলিউল্লাহ মুন্সির ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তুহিন ওই বসতঘরে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার দুপুরে স্থানীয়রা তুহিনের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ভেতরে খোঁজ করেন। এ সময় তাঁকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘরটি ভেতর থেকে আটকানো ছিল। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহত তুহিনের বাবা অলিউল্লাহ মুন্সি অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:০৩:৩১ ১৬ বার পঠিত | ● আমতলী ● তুহিন মুন্সি ● বরগুনায় যুবকের মরদেহ উদ্ধার