![]()
বরগুনা: আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত উপজেলা প্রকৌশলী দপ্তরের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।
এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ওই দপ্তরের হিসাব শাখার পেছনের কাচের জানালা খুলে ভেতরে থাকা চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে চেয়ারের ওপর থাকা একটি তোয়ালের কিছু অংশ পুড়ে আগুন নিভে যায়। টেবিলে মোটা কাচ থাকায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় কার্যালয়ের নৈশপ্রহরী ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে তিনি জানান।
রোববার সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান নৈশপ্রহরী ফজলুর রহমান। পরে তিনি উপজেলা প্রকৌশলী, হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতলও উদ্ধার করা হয়।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা তাঁর দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমতলী থানাকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। আগেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:২৫:৩২ ১৭ বার পঠিত | ● আমতলী এলজিইডি কার্যালয় ● আমতলী বরগুনা ● হিসাব শাখায় অগ্নিসংযোগ