![]()
পাবনা: ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মান্নান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খালেদীন আনাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, যুবদল নেতা সাহেব আলী মন্ডল ও সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের আমদানিনির্ভরতা কমানো এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। সরকারি এই প্রণোদনা যথাযথভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষক-কৃষাণীরা।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৭:২৯:৪৯ ১৮ বার পঠিত | ● পাবনার কৃষক ● বিনামূল্যে বীজ ও সার ● সুজানগর কৃষি প্রণোদনা