ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির

বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির

ফরিদপুর: বহিষ্কারের পর সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা, মামলা, হয়রানি ও সম্পদ লুটপাটের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন দেলোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের কলেজ কমিটির মুখ্য সাধারণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হন। পরবর্তী সময়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

দেলোয়ার হোসেনের অভিযোগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের সদস্যদের কারণে তাঁকে বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারে একটি জনসভায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন।

তিনি আরও বলেন, ওই ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়। এমনকি হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এসব মামলায় তাঁকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়। পরবর্তী সময়ে আদালত থেকে এসব মামলায় অব্যাহতি পেয়েছেন বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন আরও অভিযোগ করেন, শাহদাব আকবর চৌধুরী লাবু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি সালথার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এ কারণে অনেক নেতাকর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এসব বিষয়ে দলীয় কেন্দ্রীয় পর্যায়ে অবহিত করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জনকল্যাণে কাজ করতে না পারলে পদ আঁকড়ে থাকার কোনো অর্থ নেই। এ অবস্থায় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ তাঁর কারণে কোনো দুঃখ-কষ্ট পেয়ে থাকলে তাঁদের কাছে ক্ষমা চান দেলোয়ার হোসেন। পাশাপাশি তাঁদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু জনসমক্ষে নেই। তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে লাবু চৌধুরীর বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মো. দেলোয়ার হোসেন মিয়াকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কারের পরদিনই সংবাদ সম্মেলন করে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:২১:১৪   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●