ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের

সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনা সম্পর্কে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক।

সোমবার (১৬ নভেম্বর) আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অনতিবিলম্বে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা সন্ত্রাসের স্থান হবে না।

তিনি বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়; বরং আখিরাতই আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে এ বিষয়টি সর্বদা স্মরণে রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডেও এর প্রতিফলন থাকতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। সংগঠন পরিচালনা ও দায়িত্ব পালনে প্রত্যেক দায়িত্বশীলকে স্বচ্ছতা, জবাবদিহি ও সক্ষমতা বাড়াতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সব সময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে।

বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। আমাদের স্পষ্ট কথা, জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ইতোমধ্যে নোটিশ দিয়েছি। নোটিশে উত্থাপিত বিষয়গুলোর জবাব সংসদে না পেলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে।

এ জন্য দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিজেদের প্রস্তুত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪০   ২০ বার পঠিত  | ●   ●   ●   ●