ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ পদ শূন্য, সংকটে চিকিৎসাসেবা

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ পদ শূন্য, সংকটে চিকিৎসাসেবা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ পদ শূন্য, সংকটে চিকিৎসাসেবা

গাজীপুর: কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছে। কালীগঞ্জসহ পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ উপজেলা থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ। প্রয়োজনীয় জনবলের অভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ৩২টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন। শূন্য রয়েছে ১০টি পদ। দ্বিতীয় শ্রেণির ৩৭টি পদের মধ্যে কর্মরত ৩৩ জন, শূন্য ৪টি। তৃতীয় শ্রেণির ৯২টি পদের বিপরীতে কর্মরত ৭২ জন, শূন্য ২০টি। অন্যদিকে, চতুর্থ শ্রেণির ২৫টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন। এ শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ১৯টি। সংশ্লিষ্টদের অভিমত, জনবল সংকট নিরসন না হলে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

হাসপাতালে গাইনি ও প্রসূতি, শিশুরোগ, নাক-কান-গলা এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসক সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও অন্যান্য রোগীরা। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সময় ও অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এ পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগ দেওয়া জরুরি বলে মনে করছেন সেবাপ্রত্যাশীরা।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬ হাজার ৭২৯ জন, জরুরি বিভাগে ৪ হাজার ৪৫ জন এবং অন্তর্বিভাগে ভর্তি হয়ে ৮২৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ ছাড়া, প্রতি মাসে হাসপাতালটিতে গড়ে ৫৭টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) এবং ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রের দাবি, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ও প্যাথলজি পরীক্ষাসহ অন্যান্য সেবার পরিধি আগের তুলনায় বেড়েছে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এবং জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিনও মজুত রয়েছে।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও পরিধি আরও বাড়াতে জনবল সংকট নিরসন অত্যন্ত জরুরি। বিশেষ করে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে বিদ্যমান চিকিৎসক ও কর্মচারীদের ওপর অতিরিক্ত কাজের চাপ কমবে। পাশাপাশি রোগীদের অপেক্ষার সময় কমিয়ে আরও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে অন্তর্বিভাগে চিকিৎসাধীন ফোরকান আলী বলেন, অন্য হাসপাতালের তুলনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো। এ কারণে তিনি এখানে চিকিৎসা নিতে এসেছেন।

জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা সেবাপ্রার্থী আনোয়ার হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাসেবার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। চিকিৎসক যত্নসহকারে তাঁর চিকিৎসা করেছেন। হাসপাতালে দালালের দৌরাত্ম্যও দেখতে পাননি। কেউ তাঁর কাছে কোনো টাকা-পয়সা চাননি।

তবে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের কবির হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, ডায়াবেটিস পরীক্ষা করাতে এসে ওষুধ না থাকায় তা করাতে পারেননি। তিনি বলেন, হাসপাতালে আগে সবই ছিল। এখন ডাক্তার থাকলে ওষুধ থাকে না, ওষুধ থাকলে ডাক্তার থাকে না। প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে টিকিট কেটেও চিকিৎসক না থাকায় বাড়ি ফিরে যাচ্ছেন।

এদিকে, নির্ধারিত সময়ে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত না থাকা এবং আয়া ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন কয়েকজন সেবাপ্রত্যাশী। এ ছাড়া, হাসপাতালের টয়লেট অপরিচ্ছন্ন থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের জন্য এটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেবাগ্রহীতারা হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কর্মীদের আচরণে পেশাদারত্ব নিশ্চিত করা, চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি এবং প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন। গাইনি ও প্রসূতি, শিশুরোগ, নাক-কান-গলা এবং কার্ডিওলজি বিভাগের পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাঁচজন মেডিকেল অফিসার এ হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হলেও তাঁরা অন্যত্র সংযুক্ত রয়েছেন।

পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ উপজেলা থেকেও প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এখানে আসেন। প্রতিদিন জরুরি, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলিয়ে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা নেন। জনবল স্বল্পতার কারণে রোগীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া, সীমিত জনবল নিয়ে চিকিৎসক ও নার্সদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩৮   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●