ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন

ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধ, ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন

ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত তাঁর সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সোমা পার্শ্ববর্তী কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে সুমাইয়া আক্তার সোমা ও এনামুল হক মেরাজের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সোমা বাবার বাড়িতে থাকতেন। পরে আদালত তাঁদের একমাত্র ছেলের ভরণপোষণের জন্য এনামুলকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার নির্দেশ দেন। এনামুল ঢাকার উচ্চ আদালতে আপিল করলেও আগের রায় বহাল থাকে। এ টাকা দেওয়া নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো।

বুধবার সকালে সোমা তাঁর ছয় বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগানসংলগ্ন বাবর আলী মোড় এলাকায় যান। এ সময় সাবেক স্বামী এনামুল হক মেরাজ ইট দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা সোমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সোমার ভাই রাতুল হোসেন বলেন, আট বছর আগে তাঁর বোনের সঙ্গে এনামুল হক মেরাজের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে ফারহান নামে ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। চার বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সোমার সাবেক স্বামী মেরাজ তাঁদের এলাকায় প্রায়ই যাতায়াত করতেন। বুধবার সকালে তাঁর বোন সোমা ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে মেরাজ ইট দিয়ে সোমার মাথায় আঘাত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকেই অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫০   ১৬ বার পঠিত  | ●   ●   ●