ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: মুক্তাগাছায় নিখোঁজের এক দিন পর ধানখেত থেকে জাকিয়া (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দাওগাঁও নামাপাড়া গ্রামের একটি ধানখেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাকিয়া ফুলবাড়িয়া উপজেলার বিড়ালিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। প্রায় ১০ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সে মুক্তাগাছার দাওগাঁও গ্রামে তার নানা আইয়ুব আলীর বাড়িতে থাকত।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জাকিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ দেখা দিয়েছে। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও মনে হচ্ছে না।
তিনি আরও বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণসহ বিস্তারিত জানা যাবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫২:০৬ ১১ বার পঠিত | ● জাকিয়া হত্যা ● ময়মনসিংহে কিশোরীর মরদেহ ● মুক্তাগাছা