![]()
পাবনা: চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শিশু পার্কে ধূমপান করায় তিন যুবককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের শিশু পার্কে ধূমপানরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী তাঁদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, শিশু পার্ক একটি পাবলিক প্লেস এবং শিশুদের নির্মল বিনোদনের অন্যতম স্থান। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পার্কের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিশুদের নিরাপত্তা, সুস্থ বিনোদন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, এলাকাবাসীসহ সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:১৪:৫০ ১৪ বার পঠিত | ● চাটমোহর শিশু পার্ক ● ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ● ধূমপানে জরিমানা