![]()
পিরোজপুর: কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের ৭৫ বছর বয়সী ইন্দ্রজিৎ দে একসময় বাড়ি বাড়ি গিয়ে শিশু-কিশোরদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন। গৃহশিক্ষকতার সামান্য আয়ই ছিল তাঁর জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু বয়সের ভার, শারীরিক অসুস্থতা এবং আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রী ঝর্ণা রানীকে নিয়ে চরম অভাব-অনটন ও মানবেতর পরিবেশে দিন কাটাচ্ছেন তিনি।
বাবা-মায়ের মৃত্যুর পর পাওয়া সামান্য জমিতে ভাঙাচোরা ও জরাজীর্ণ একটি টিনের ঘরে বসবাস করছেন তাঁরা। ঘরের চাল ও বেড়ার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় পলিথিন টাঙিয়ে রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন বৃদ্ধ দম্পতি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনের বেলাতেও পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকার পরিবেশে থাকতে হয় তাঁদের। ঘরটির ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে একসময়কার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইন্দ্রজিৎ দে জানান, মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে-জামাই কিংবা শ্বশুরবাড়ির স্বজনেরা মাঝেমধ্যে চাল-ডাল ও সামান্য টাকা দিয়ে তাঁদের সহায়তা করেন। এ ছাড়া বাড়ির আঙিনায় থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তাঁদের আয়ের একমাত্র অবলম্বন। অনেক সময় অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হয়। অসুস্থ হলেও অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না। সুপারি বিক্রির সামান্য টাকায় ওষুধ কিনে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আগের মতো চলাফেরা কিংবা কাজ করার শক্তি আর নেই। তাঁর স্ত্রী ঝর্ণা রানীর বাড়ি পাশের স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ি গ্রামে। বয়সজনিত নানা সীমাবদ্ধতার মধ্যেও তিনি মানুষের সঙ্গে সময় কাটিয়ে কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন।
আক্ষেপ করে ইন্দ্রজিৎ দে বলেন, ‘সারা জীবন মানুষের সন্তানদের পড়িয়েছি। লেখাপড়া শিখেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এখন বয়স হয়েছে, শরীরে আর শক্তি নেই। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। থাকার ঘরটিও ভেঙে গেছে। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।’
নিরাপদ আশ্রয়, নিয়মিত খাবার ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন অসহায় এই দম্পতি।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের জন্য স্থায়ীভাবে কিছু করার উদ্যোগ নেওয়া হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:২৫:৩০ ৭ বার পঠিত | ● অসহায় বৃদ্ধ দম্পতি ● ইন্দ্রজিৎ দে ● কাউখালী পিরোজপুর ● প্রবীণ গৃহশিক্ষক দম্পতি