ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন

সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন

পাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সুজানগর উপজেলা শাখার আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। ২০২৭-২৮ সাংগঠনিক সেশনের জন্য রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে তিনি পুনর্নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সুজানগর উপজেলার রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হন।

উল্লেখ্য, অধ্যাপক কে এম হেসাব উদ্দিন দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দক্ষতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি উপজেলা সেক্রেটারি, জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পরিচালক এবং ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগর শাখা ইসলামী ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে তিনি সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পুনরায় আমীর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক কে এম হেসাব উদ্দিন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দলের সব পর্যায়ের রুকন ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “এই দায়িত্ব একটি বড় আমানত। সুজানগর উপজেলায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

এদিকে, তাঁর পুনর্নির্বাচনের খবরে সুজানগর উপজেলা ও পৌর জামায়াতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর নেতৃত্বে আগামী দিনে সুজানগরে সংগঠন আরও সুসংহত ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৪১:৪৫   ৮ বার পঠিত  | ●   ●   ●