কুড়িগ্রাম:‘জীবনটাই গেল নদীর সঙ্গে যুদ্ধ করতে। নদীটা বাঁধায়া দেওয়ায় এখন একটু শান্তিতে আছি। না খেয়ে থাকি, কিন্তু বাড়ি ভাঙার চিন্তা নাই। নদী আমার সুখ, দুঃখ, জীবন, যৌবন সব কেড়ে নিয়েছে। তবুও নদীর মায়া যেন ছাড়তে পারি না। নদীও আমাদের ছাড়তে পারে না। আল্লাহ কেন যে আমাদের জীবনটা এমন করলেন! নদীর পাড়ে বসে এখনো মনের চোখ দিয়ে আদি গ্রাম আর বাপ-দাদার বাড়িভিটা দেখি। সেসব স্মৃতি ভুলতে পারি না।’
চোখের পানিতে বুক ভাসিয়ে এ কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুর গ্রামের নদীপাড়ের বাসিন্দা সত্তরোর্ধ্ব মো. সাহেব আলী।
একই গ্রামের রফিকুল ইসলাম বাদশা (৬০) বলেন, তাঁদের তিন পুরুষের ৫৫ বিঘা জমি চোখের সামনে নদীতে বিলীন হয়ে গেছে। নদীভাঙনে পূর্বপুরুষেরা কে কোথায় চলে গেছেন, তা-ও জানা নেই। নদী শুধু জমি, বাড়িঘর ভাঙে না; মানুষের পরিচয় ও অস্তিত্বও বিলীন করে দেয়। ভাঙন রোধে নদীর পাড়ে সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করায় শুধু বাড়িভিটা ও বাপ-দাদার কবরগুলো রক্ষা পেয়েছে। সব সম্পদ হারানোর পর ঘুমানোর আশ্রয়টুকু টিকে আছে, এতেই তিনি খুশি।
তাঁর মতোই খুশি সাতবার নদীভাঙনের শিকার ফলো বালা দাস (৬২), নদীভাঙনের শিকার আজাহার আলী (৬৪), হরেন চন্দ্র দাস (৭১)সহ নদীপাড়ের হাজারো বাসিন্দা। তাঁদের ভাষ্য, বাঁধ নির্মাণ না হলে শেষ আশ্রয়টুকুও এত দিনে হারিয়ে যেত।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের তিন যুগের অব্যাহত ভাঙনে হাতিয়া ইউনিয়নের দাগার কুঠি, গাবুর জান, মাঝিপাড়া, নয়াডারা, নীলকণ্ঠসহ সাতটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক পিচিং বাঁধ নির্মিত হওয়ায় নদীপাড়ের জমির মূল্য হাজার গুণ বেড়েছে। নদীভাঙনের শিকার মানুষের মধ্যে নতুন করে আস্থা তৈরি হয়েছে, আর ভাঙন হবে না। সেই আশায় এলাকা ছেড়ে যাওয়া মানুষজন পুরোনো ঠিকানায়, নদীর পাড়ে ফিরে আসছেন। গড়ে উঠছে সারি সারি বাড়িঘর।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১৯ সালে ৪৪৮ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীরের ভাঙন রোধে প্রকল্পের কাজ শুরু হয়। ব্যয় বৃদ্ধি ছাড়াই এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। ২০২৬ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হয়েছে।
প্রকল্পের আওতায় ৬ দশমিক ৩০ কিলোমিটার কাজের দৈর্ঘ্য, ১ কিলোমিটার বিকল্প বাঁধ, ৫৭ দশমিক ৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ এবং একটি রেগুলেটর নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের ভাষ্য, একসময় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধের কথা চিন্তাও করা সম্ভব ছিল না। কিন্তু নদের নাব্যতা হ্রাস পেয়ে নদীটি অপেক্ষাকৃত ছোট হয়ে আসায় ডানতীর রক্ষা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়েছে।
তবে বাঁধটি টেকসই করতে এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যেতে হবে। ডানতীর রক্ষা প্রকল্প বাস্তবায়নের ফলে চিলমারী বন্দর থেকে উলিপুর উপজেলার হাতিয়া পর্যন্ত নদের ডানতীরের ভাঙন রোধ হয়েছে। ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে দুটি উপজেলা শহর, তিনটি গ্রামীণ বড় হাটবাজার, ১০ লাখ মানুষ এবং কয়েক শ কোটি টাকার সরকারি-বেসরকারি স্থাপনা।
অনন্তপুর বাজারের বাসিন্দা ডা. ফজলুল হক বলেন, ‘বাঁধটি না হলে এত দিনে বাজারসহ আমার ও শত শত মানুষের বাপ-দাদার বাড়িঘরের ঠিকানা নিশ্চিহ্ন হয়ে যেত। ডানতীর রক্ষা প্রকল্প বাস্তবায়নের ফলে ঐতিহ্যবাহী পুরোনো অনন্তপুর বাজারসহ বিশাল জনবসতিপূর্ণ এলাকা ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। রক্ষা পেয়েছে কোটি কোটি টাকার সরকারি-বেসরকারি স্থাপনা। নদীপাড়ের মানুষের আস্থা ফিরেছে। উন্নতি হচ্ছে জীবনমানের। সেই সঙ্গে হাতিয়ার তিন যুগের নদীভাঙনের নির্মম ইতিহাসের সমাপ্তি ঘটেছে।’
হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বিএম আবুল হোসেন বলেন, বাঁধের কাজ সম্পন্ন হওয়ায় হাতিয়া ইউনিয়নের দীর্ঘদিনের দুঃখ নদীভাঙনের অবসান ঘটেছে। তবে হাতিয়া রেগুলেটর থেকে মাঝিপাড়া পর্যন্ত ১০০ মিটার বাঁধের কাজ জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতায় আটকে আছে। ফলে ওই এলাকার মানুষসহ পুরো বাজার হুমকির মধ্যে রয়েছে। চলতি মৌসুমেই বাকি কাজ শেষ করার দাবি জানান তিনি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ডানতীর ভাঙন রোধ প্রকল্পের আওতায় বাঁধ বাস্তবায়িত হওয়ায় নদীপাড়ের মানুষের জীবনমান উন্নত হবে। বাড়িঘর ও সম্পদ ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থারও উন্নয়ন হবে। বাঁধটি টেকসই করতে ডানতীর রক্ষা প্রকল্পের প্রথম পর্যায়ের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সেটি বাস্তবায়ন করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫৫:৫৬ ১ বার পঠিত | ● উলিপুর নদীতীর রক্ষা প্রকল্প ● কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ● ব্রহ্মপুত্র নদীভাঙন ● হাতিয়া ইউনিয়ন